মাইক্রোসফট তাদের নিরাপত্তা টুল এনহেনসড মিটিগেশন এক্সপিরিয়েন্স টুলকিটের (ইএমইটি) এর নতুন সংস্করণ প্রকাশ করেছে। মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই টুলটিতে প্যাঁচ (বিশেষ প্রোগ্রাম) ব্যবহূত হচ্ছে না—এমন মাইক্রোসফট উইন্ডোজ, তৃতীয় কোনো প্রতিষ্ঠানের তৈরি এবং বাণিজ্যিক প্রোগ্রাম ইন্টারনেটের মাধ্যমে সংঘটিত যেকোনো ধরনের আক্রমণ থেকে রক্ষা করতে পারবে। মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে বিনামূল্যে এই সফটওয়্যারটি নামিয়ে (ডাউনলোড) ব্যবহার করা যাবে।


মাইক্রোসফটের নিরাপত্তাবিষয়ক গবেষণা ল্যাবের প্রকৌশলী অ্যান্ডরু বলেন, এই ইএমইটি যে কেউ ব্যবহার করতে পারবে। এটি মূলত এমন ধরনের কম্পিউটারের জন্য তৈরি করা, যেখানে ব্যবহূত প্রোগ্রামগুলো অধিক নিরাপত্তা হুমকির সম্মুখীন। বাণিজ্যিক ওয়েব প্রোগ্রাম পরিচালনার জন্য ব্যবহূত ওয়েব সার্ভার, বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহীদের কম্পিউটারের ব্রাউজারগুলো এর মধ্যে রয়েছে। সাধারণভাবে এই ধরনের কম্পিউটারগুলোয় অধিকমাত্রায় হামলা চালানো হয়ে থাকে। ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন সংস্করণে সফটওয়্যারটির প্রাথমিক ইন্টারফেস পরিবর্তন করা হয়েছে। যেখানে একই সঙ্গে চলমান প্রসেসগুলোর তালিকা দেখতে পাওয়া যাবে এবং এর কোনোটিতে ইএমইটি ব্যবহূত হচ্ছে বা ব্যবহূত হবে সেটি সহজেই নির্ধারণ করে দেওয়া যায়। এ ছাড়া আরও যেসব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলো হলো, বাধ্যতামূলক অ্যাড্রেস স্পেস লে-আউট কাস্টমাইজেশন, বিশেষ ধরনের অ্যাড্রেস ফিল্টারিং সিস্টেম, মেমোরি অ্যালোকেশনের বিশেষ পদ্ধতি ব্যবহূত হয়েছে, যার ফলে সাধারণ হামলার বেশ কিছু পদ্ধতি বন্ধ করা যায়। পুরোনো সফটওয়্যারগুলোয় সঠিকভাবে ব্যবহার উপযোগী করার জন্য বিশেষ লেগেসি সিস্টেম অন্তর্ভুক্ত করা হয়েছে। সাধারণ গ্রাফিকাল পদ্ধতি ছাড়াও কমান্ড লাইন থেকেও ব্যবহার করা যাবে। বিভিন্ন অ্যাপলিকেশন এবং প্রসেসগুলো আলাদাভাবে মাইগ্রেশন ও নিয়ন্ত্রণ করারও সুযোগ রয়েছে এখানে। মাইক্রোসফট উইন্ডোজ ৭, ভিস্তা সার্ভিস প্যাক ১, এর পরবর্তী এবং উইন্ডোজ এক্সপির এসপি-৩ এর পরবর্তী সংস্করণগুলো ব্যবহার করা যাবে। সেই সঙ্গে উইন্ডোন সার্ভার ২০০৩ এবং ২০০৮-এর সব সংস্করণে ব্যবহার করা যাবে।